পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর থেকেই আলোচনা চলছিলো সিকুয়েল নিয়ে। এবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট। লায়ন্সগেটের এক বৈঠকে মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন জানান, ‘মাইকেল ২’-এর কাজ দ্রুত এগিয়ে চলছে। পরিচালক অ্যান্টোইন ফুকুয়া নির্মিত ‘মাইকেল’ সিনেমায় দেখানো হয়েছে কীভাবে সাধারণ পরিবার থেকে উঠে এসে মাইকেল জ্যাকসন বিশ্বসংগীতের কিংবদন্তিতে পরিণত হন। এতে মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। প্রথম সিনেমাটি শেষ হয় ১৯৮৭ সালের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ব্যাড ওয়ার্ল্ড ট্যুর’ কনসার্ট দিয়ে। নির্মাতারা জানিয়েছেন, সিকুয়েলে মাইকেলের জীবনের পরবর্তী অধ্যায় ও অজানা নানা গল্প উঠে আসবে। অ্যাডাম ফোগেলসন বলেন, ‘মাইকেল জ্যাকসনের জীবনে এমন অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, যা প্রথম সিনেমায় দেখানো সম্ভব হয়নি। সেগুলোই এবার সামনে আসবে।’ তিনি আরও জানান, সিকুয়েলটি নির্দিষ্ট টাইমলাইন অনুসরণ করবে না। গল্পের প্রয়োজন অনুযায়ী সময় সামনে বা পেছনে নেওয়া হবে। এদিকে ১৯৯৩ সালে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা শিশু নির্যাতনের অভিযোগ নিয়ে কিছু দৃশ্য প্রথম সিনেমায় রাখা হলেও পরে আইনি জটিলতায় সেগুলো বাদ দিতে হয়। নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন, সেই বিতর্কিত অধ্যায়ও সিকুয়েলে উঠে আসতে পারে। গত ২৪ এপ্রিল মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় ‘মাইকেল’। এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৭৩০ মিলিয়ন ডলারের বেশি।
সর্বশেষ সংবাদ:
‘মাইকেল’র সাফল্যের ধারাবাহিকতায় আসছে ‘মাইকেল ২’
-
অনলাইন ডেস্ক - আপডেট এর সময় : ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- ৩০ বার দেখা হয়েছে
জনপ্রিয় খবর


















