ফরিদপুর সদর উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকায় একটি পৈতৃক জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত প্রকাশ সরূপ সাহা রায় ওরফে ডাঃ অপু সাহার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির বৈধ মালিক অজিত কুমার মালাকার (৫৫)। বর্তমানে জমিটি নিয়ে উক্ত মহল্লায় উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী অজিত কুমার মালাকার (পিতা: মহেন্দ্র কুমার মালাকার) জানান, ১১৭ নম্বর খাবাসপুর মৌজার বিএস খতিয়ান নং- ৯৯৩, ১১৩৮ ও ১১৩৯-এর অন্তর্ভুক্ত বিএস দাগ নং- ১৯, ১৫ ও ১০-এ মোট ৭ শতাংশ জমির বৈধ মালিক তিনি।
লিখিত অভিযোগে জানা যায়, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে অপু সাহা ওই জমিটি জোরপূর্বক দখল করেন। তাহার কাছে জমির বৈধ মালিকানার কোনো গ্রহণযোগ্য কাগজপত্র না থাকা সত্ত্বেও তিনি জমিটি ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।
অজিত কুমার মালাকার অভিযোগ করে বলেন, গত ২৯ জুন ২০২৬ তারিখে তিনি ফরিদপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, “প্রকাশ সরূপ সাহা রায় আমাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে বলেছেন— ‘এই জমি আমার। এ জমিতে আসলে তোকে মেরে মাটি চাপা দিয়ে দেব।’ দীর্ঘদিন ধরে এই ভয়ভীতির মধ্যে থাকায় শেষ পর্যন্ত আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।” অভিযোগে আরও উল্লেখ করা হয়, পূর্ববর্তী সরকারের আমলে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অনিয়ম ও জমি-সংক্রান্ত বিরোধে জড়িত ছিলেন। ভুক্তভোগী জমির মালিক ফরিদপুর জেলা পুলিশ প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জমি উদ্ধারসহ নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রকাশ সরূপ সাহা রায় ওরফে অপু সাহার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্ক 


















