সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) ফরম পূরণ সপ্তাহ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রামপুরা থানার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১১:৩০ ঘটিকায় রামপুরা থানার ৫ নম্বর বিট এলাকায় আয়োজিত এ র্যালিটি হাজীপাড়া পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে ৫ নম্বর বিটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তালতলা সুপার মার্কেটে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদ। র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)।
সভায় সিআইএমএস ফরম পূরণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, নাগরিকদের সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সিআইএমএস কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলাকাবাসীকে নির্ধারিত সময়ের মধ্যে সিআইএমএস ফরম পূরণ করে পুলিশের এ উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় রামপুরা থানার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব কামাল আহমেদ দুলু, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশ সদস্য, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২১ জুলাই থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত ‘সিআইএমএস ফরম পূরণ সপ্তাহ’ পালন করা হবে।

অনলাইন ডেস্ক 


















