ফরিদপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে তিনি ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ফরিদপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। ফরিদপুরে যোগদানের পূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছিলেন।
একই প্রজ্ঞাপনে ফরিদপুরের বিদায়ী পুলিশ… থিতু সুপার মো. নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রায় সাত মাস ফরিদপুরে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ফরিদপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে কার্যক্রম আরও জোরদার হবে বলে প্রত্যাশা করছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণ আশা প্রকাশ করেছেন যে, নতুন পুলিশ সুপারের দক্ষ নেতৃত্বে ফরিদপুরবাসী আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর পুলিশি সেবা পাবেন। ফরিদপুরবাসী নতুন পুলিশ সুপারের সফল কর্মকাল কামনা করেছেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

শফিউল মঞ্জুর ফরিদঃ 









