ফরিদপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আইয়ুব বেপারী এবং তাঁর স্ত্রী আলফা লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার বীথি বেগমকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মাদক মামলায় জড়ানোর প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে নর্থ চ্যানেল ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জুয়েল বেপারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সেলিম খান, রাসেল খান, ইলিয়াস দেওয়ান, আয়নাল দেওয়ান, বাবলু বেপারী, সুজন শেখ, চায়না বেগম, ফতেহা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানব বন্ধনে বক্তারা বলেন ”নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির সংস্কৃতি বন্ধ করতে হবে। একজন প্রবাসী ও তাঁর কর্মজীবী স্ত্রীকে এভাবে পরিকল্পিতভাবে ফাঁসানো চরম অন্যায়। তারা আরো অভিযোগ করেন, প্রবাসী আইয়ুব বেপারী ও তাঁর স্ত্রী বীথি বেগম সম্পূর্ণ নিরপরাধ। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাঁদের একটি মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে হয়রানি করছে। ঘটনার পেছনে মূল রহস্য ও সত্য উদঘাটনের জন্য প্রশাসনের কাছে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জোর দাবি জানানো হয়। বক্তারা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং আইয়ুব বেপারী ও বীথি বেগমের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মানববন্ধনে নর্থ চ্যানেল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শত শত সাধারণ অধিবাসী অংশ নেন। সমাবেশ থেকে সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই সংকট নিরসন ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

শফিউল মঞ্জুর ফরিদঃ 



















