সাপ্তাহিক ‘শীর্ষ কাগজ’ পত্রিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারীকে জড়িয়ে প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা, ক্ষোভ ও জোরালো প্রতিবাদ জানিয়েছে জয়পুরহাট জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদল। পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনগুলোর পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৮ জুন ২০২৬ তারিখে প্রকাশিত ‘শীর্ষ কাগজ’ পত্রিকার ২৭তম সংখ্যায় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর নামে ‘কথিত তিন হাজার কোটি টাকা লুটপাট সংক্রান্ত’ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের দাবি, এই প্রতিবেদনে আনা কোনো অভিযোগেরই আইনগতভাবে গ্রহণযোগ্য বা প্রমাণযোগ্য কোনো তথ্য বা দলিল উপস্থাপন করা হয়নি। যাচাই-বাছাইহীন, কাল্পনিক ও মনগড়া তথ্যের ওপর ভিত্তি করে এমন একটি সংবেদনশীল ও গুরুতর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি ও সততার সম্পূর্ণ পরিপন্থী।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকল্পের বাস্তব চিত্র তুলে ধরে স্পষ্ট করা হয় যে, প্রতিবেদনে উল্লিখিত ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ’ নামক প্রকল্পটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে সফলভাবে সমাপ্ত হয়েছে। দীর্ঘ সময় আগে শেষ হয়ে যাওয়া একটি প্রকল্পের সাথে বর্তমান খাদ্য প্রতিমন্ত্রীর নাম ও ছবি জড়িয়ে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনমনে বিভ্রান্তি ছড়ানোর অসৎ উদ্দেশ্যে এবং প্রতিমন্ত্রীর মানহানি করতেই এই বানোয়াট প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ক্ষেতলাল উপজেলা ছাত্রদল: গত মঙ্গলবার (১৬ জুন) ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস রহমান মিলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সংবাদের তীব্র নিন্দা জানানো হয়।
জেলা যুবদল ও ছাত্রদল: গত সোমবার (১৫ জুন) দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র ও ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম এবং একই দিন সকালে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অপপ্রচারের প্রতিবাদ জানান।
জেলা বিএনপি: এর আগের দিন জেলা বিএনপির পক্ষ থেকেও এই সংবাদটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।
নেতৃবৃন্দ অপপ্রচার ও হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের জন্য সংশ্লিষ্ট পত্রিকার প্রতি আহ্বান জানিয়েছেন।সাংবাদিকতার নীতি অনুযায়ী, যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের আগে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাই করা বাধ্যতামূলক। পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও সত্যতা যাচাই ছাড়া সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার মৌলিক আদর্শের পরিপন্থী।

শফিউল মঞ্জুর ফরিদঃ 



















