ফরিদপুরের প্রধান দুটি সরকারি চিকিৎসালয়ের সেবা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে বড় পরিবর্তন এনেছে সরকার। ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলামকে মনোনীত করা হয়েছে।
গত ১৫ জুন (২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদঃ
স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ফরিদপুর অঞ্চলের অন্যতম প্রধান চিকিৎসালয় ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’-এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম।
মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তাঁর এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। স্থানীয় সচেতন নাগরিক ও চিকিৎসকেরা মনে করছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষ নেতৃত্বে হাসপাতালের আধুনিকায়ন ও জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজতর হবে।
ফরিদপুর জেনারেল হাসপাতালের সভাপতি নায়াব ইউসুফ এমপিঃ
পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, ফরিদপুর জেনারেল হাসপাতালের সুষ্ঠু পরিচালনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদকে নির্দেশক্রমে সভাপতি মনোনয়ন দেওয়া হয়েছে।
উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এই আদেশের অনুলিপি ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের আশা, নতুন সভাপতির নেতৃত্বে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
ফরিদপুরের গুরুত্বপূর্ণ এই দুটি হাসপাতালের শীর্ষ নেতৃত্বে নতুন পরিবর্তন আসায় ফরিদপুরবাসী নবমনোনীত দুই সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আধুনিক, কার্যকর ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন নেতৃত্ব দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন—এমনটাই এখন জেলা বাসীর প্রত্যাশা।

শফিউল মঞ্জুর ফরিদ 









